ঘাটাইলে পল্লী সঞ্চয় ব্যাংকের মানববন্ধন
- আপডেট সময় : ১২:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পরিষদ কর্তৃক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রেরিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদনের দাবিতে টাঙ্গাইলের ঘাটাইলে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।
৪ নভেম্বর (বুধবার) সকালে ঘাটাইল শাখার সামনে পল্লী সঞ্চয় ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক সংসদ বি-২২১৫-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ এনামুল হক, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ লিখন সিদ্দিকী এবং টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ সুমন মিয়া।
এ সময় বক্তারা বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রেরিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদন করা হলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। তারা দ্রুত এ অর্গানোগ্রাম অনুমোদনের জন্য পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। দাবি আদায়ে তারা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মানববন্ধনে পল্লী সঞ্চয় ব্যাংকের ঘাটাইল শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।


















