ভোলার পর্যটনে নতুন মাত্রা: নজর কাড়ছে ‘ভালোবাসার চরফ্যাশন’ সেলফি পয়েন্ট
- আপডেট সময় : ০২:১৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনাময় দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন এখন ভ্রমণপিপাসুদের পদচারণায় আরও মুখরিত। পর্যটকদের বিনোদনে ভিন্নমাত্রা যোগ করতে এবং দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বেতুয়া প্রশান্তি পার্কে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জিত আই লাভ সাইন‘ ভালোবাসার চরফ্যাশন’ সেলফি পয়েন্ট। উদ্বোধনের পর থেকেই নতুন এই নান্দনিক স্থাপনাটি ঘিরে সাধারণ মানুষ ও পর্যটকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আধুনিক স্থাপত্যশৈলী, ঝলমলে এলইডি লাইট এবং হৃদয়াকৃতির আকর্ষণীয় লাল প্রতীকে সুসজ্জিত এই আই লাভ সাইনটি নিমিষেই যে কারও নজর কাড়ার মতো। গত শুক্রবার পার্ক চত্বরে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই নতুন এই লেটার সাইনেজ এক পলক দেখতে এবং এর সামনে দাঁড়িয়ে স্মৃতি ধরে রাখতে বেতুয়া প্রশান্তি পার্ক এলাকায় উপচে পড়া ভিড় জমাতে শুরু করেন উৎসুক জনতা। সন্ধ্যা নামতেই মায়াবী রূপ দিনের আলোর চেয়ে রাতের বেলা এই সেলফি পয়েন্টটির সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। রাতের আলোকসজ্জায় পুরো এলাকা এক মোহনীয় ও মায়াবী রূপ ধারণ করে। পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে আসা দর্শনার্থীরা এই আলোকসজ্জিত সাইনের সামনে দাঁড়িয়ে ছবি ও ভিডিও ধারণ করে আনন্দঘন মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ও কন্টেন্ট ক্রিয়েটরদের সরব উপস্থিতি ডিজিটাল এই যুগে যেকোনো সুন্দর জায়গাকে ছড়িয়ে দিতে কন্টেন্ট ক্রিয়েটরদের ভূমিকা অনন্য। ভালোবাসার চরফ্যাশন’ সেলফি পয়েন্ট চালুর সঙ্গে সঙ্গেই একঝাঁক তরুণ কন্টেন্ট ক্রিয়েটর ও ভ্রমণপ্রেমীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা এই পয়েন্টের ছবি ও আকর্ষণীয় ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। মুহূর্তের মধ্যে এসব কনটেন্ট ছড়িয়ে পড়ায় দেশবাসীর কাছে চরফ্যাশনের পর্যটন পরিচিতি আরও বেশি উজ্জ্বল হয়ে উঠছে। পর্যটন বিশেষজ্ঞদের মতে, দেশের দর্শনীয় স্থানগুলোতে এ ধরনের নান্দনিক ও সৃজনশীল স্থাপনা কেবল বিনোদন বাড়ায় না, বরং স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্প বিকাশেও টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে। বেতুয়া প্রশান্তি পার্কের এই ব্যতিক্রমী আয়োজন চরফ্যাশনের পর্যটন খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে বলে বিশ্বাস স্থানীয় সচেতন মহলের। চরফ্যাশনের পর্যটন বিকাশ এবং তরুণ প্রজন্মের বিনোদনের কথা মাথায় রেখে নান্দনিক এই ‘ভালোবাসার চরফ্যাশন’ আই লাভ সাইন সেলফি পয়েন্টের মূল উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। অন্যদিকে, পুরো লেটার সাইনেজের নিখুঁত বাস্তবায়ন ও চমৎকার সার্বিক পরিকল্পনার নেপথ্যে দায়িত্ব পালন করেছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমান আফরোজ। তাঁদের এই যুগোপযোগী উদ্যোগ চরফ্যাশনের পর্যটনপ্রেমী মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।









