দুদকের নাম ভাঙিয়ে প্রতারণা: গাইবান্ধায় ‘সোর্স’ পরিচয়ে যুবক আটক
- আপডেট সময় : ১১:০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর গণশুনানীকে সামনে রেখে গাইবান্ধায় সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র—এমন অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। এরই মধ্যে দুদকের ‘সোর্স’ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে জাফরুল্লাহ নামের এক যুবককে আটক করা হয়েছে। রবিবার সকালে গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক জাফরুল্লাহ অফিসে এসে অডিটর কৌশিককে খুঁজতে থাকেন। এ সময় তিনি অফিস সহায়ক লিমার কাছ থেকে কৌশিকের মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে নিজেকে দুদকের সোর্স পরিচয় দিয়ে কৌশিককে অফিসের বাইরে ডেকে নেন। অভিযোগ রয়েছে, এরপর জাফরুল্লাহ কৌশিককে একটি মোবাইল নম্বরে কথা বলিয়ে দেন, যেখানে অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দেন। তিনি কৌশিককে জানান, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং বিষয়টি ‘সমাধান’ করতে জাফরুল্লাহর সঙ্গে যোগাযোগ রাখতে বলেন। ঘটনাটি সন্দেহজনক মনে হলে কৌশিকসহ অফিসের অন্যান্যরা জাফরুল্লাহকে পুনরায় অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি নিজের পরিচয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিতে থাকেন—কখনো রংপুর, কখনো দিনাজপুরের বাসিন্দা বলে দাবি করেন। পরে তার জাতীয় পরিচয়পত্র যাচাই করে জানা যায়, তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বড় গাঁও গ্রামের বাসিন্দা। পরিস্থিতি বিবেচনায় বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক, পুলিশ ও দুদক কর্মকর্তাদের অবহিত করা হয়। খবর পেয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুর থেকে সহকারী পরিচালক একেএম নুর আলম সিদ্দিক ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি সাংবাদিকদের জানান, সোমবার (১১ মে) গাইবান্ধায় দুদকের গণশুনানী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই শুনানীকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, পুরো বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















