ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বছরের পর বছর চলছে নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়! অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
- আপডেট সময় : ১১:০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বেগমগঞ্জ উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (কাজীগো বাড়ির দরজা) নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। ১০ নং নরোত্তমপুর প্যানেল বক্স -এর মেসেঞ্জার গ্রুপে প্রকাশিত একটি বার্তায় বিদ্যালয়টি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। সেখানে দাবি করা হয়, বিদ্যালয়টি দীর্ঘ ৭–৮ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে। অভিযোগকারীদের মতে, এর ফলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানটি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বার্তায় আরও অভিযোগ করা হয়েছে, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পাশাপাশি বিদ্যালয়ের কার্যক্রম, শিক্ষক উপস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি প্রতিবাদী কণ্ঠ। এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। বিশেষ করে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করে তারা বিদ্যালয়টির বাস্তব পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রতিবাদী কণ্ঠ মনে করে, জনস্বার্থে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত হওয়া জরুরি। একই সঙ্গে এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।









