নালিতাবাড়ীতে সামিউল হক সুপার কাপ ফাইনাল খেলা উদ্বোধন করেন চলচ্চিত্র নায়ক ওমর সানি
- আপডেট সময় : ০২:২১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত সামিউল হক সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের সুপার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে শালমারা মাঠে সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেতা ওমর সানি। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হক। তিনি বলেন, গ্রামবাংলার মাঠে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। তাদের খুঁজে বের করে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের ফুটবলে অবদান রাখাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিশেষ অতিথির বক্তব্যে চিত্রনায়ক ওমর সানি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমি মাননীয় সংসদ সদস্যের কাছে অনুরোধ করব, এই মাঠটিকে একটি মিনি স্টেডিয়ামে রূপান্তর করা হোক। তাহলে তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে এবং তারা মাদক থেকে দূরে থাকবে। ফাইনাল খেলায় সামিউল হক ফুটবল একাডেমি ও আদর্শ ক্লাব নালিতাবাড়ী মুখোমুখি হয়। খেলায় সামিউল হক ফুটবল একাডেমি ৪-১ গোলের ব্যবধানে আদর্শ ক্লাব নালিতাবাড়ীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ সময় উপস্থিত ছিলেন কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামুল কাউসার, বিআরডিবি চেয়ারম্যান এম এ রায়হান, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন ও প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করে তাদের দক্ষতা বিকাশে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এর ফলে স্থানীয় ফুটবলের উন্নয়ন এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।



















