নালিতাবাড়ীতে জামায়াত নেতার হাত-মুখ বেঁধে নগদ টাকা ও নির্যাতনের অভিযোগ
- আপডেট সময় : ০১:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে হাত–মুখ বেঁধে নির্যাতন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রবিবার (৫ জুলাই) বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে নালিতাবাড়ী পৌরসভা জামায়াত। আহত জাহিদ হাসান উপজেলার আড়াইআনি বাজারের একজন ব্যবসায়ী। দলীয় সূত্রে জানা গেছে, তিনি জামায়াতে ইসলামীর ৭নং ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্বে আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে ব্যবসার কাজ শেষে বাড়ি ফিরছিলেন জাহিদ হাসান। পথে নির্জন স্থানে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার হাত–মুখ বেঁধে মাথায় ব্যাগ পরিয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। জাহিদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে নালিতাবাড়ী পৌরসভা জামায়াত বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। দলের নেতারা হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





















