কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
পর্যটন শিল্পের বিকাশে প্রচার এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একই সঙ্গে কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নয়ন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় কক্সবাজার জেলা পরিষদ হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নবনির্বাচিত জেলা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি মুহাম্মদ আলতাফ হোসেনের প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত অধিকার ও কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটির কক্সবাজার জেলা কমিটির এ আয়োজন সংবাদকর্মীদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপির। জরুরি কর্মসূচিতে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তবে আয়োজকদের কাছে দুঃখ প্রকাশ করে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভকামনা জানান।
প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবাইদুর রহমান শাহিনও পারিবারিক জরুরি প্রয়োজনে উপস্থিত থাকতে পারেননি। তিনি ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখা এবং পেশাগত সংকটে সাংবাদিকদের সম্মিলিতভাবে পাশে থাকার আহ্বান জানান।
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ আলমগীর গনি।
উদ্বোধনী বক্তব্যে তিনি সংগঠনের ঐতিহ্য ও আদর্শের আলোকে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মনজুর হোসেন। তিনি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পারস্পরিক বিভেদ দূর করে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, কক্সবাজার দেশের পর্যটন খাতের অন্যতম প্রধান কেন্দ্র। এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে হবে। এতে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি কক্সবাজারের ইতিবাচক পরিচিতি আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা স্থানীয় সাংবাদিকদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং দায়িত্বশীল ও সুস্থ সাংবাদিকতার ধারা এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (ইলি) ও সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রূপালী সৈকতের ব্যবস্থাপনা সম্পাদক আ.স.ম. জাহেদুল হক নাহিদসহ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আতিকুর রহমান আজাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ জাফর উল্লাহ, প্রচার ও প্রকাশনা সচিব এম হোসাইন আহমদ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মোঃ নূরুল কবির, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার বকুল এবং পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সাফওয়ানুল করিম।
অতিথিরা তাঁদের বক্তব্যে নবনির্বাচিত জেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কক্সবাজারের সাংবাদিকরা আরও সুসংগঠিত হবেন এবং পেশাগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
আলোচনা পর্ব শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন অতিথিরা।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুলসংখ্যক সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



















