মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মশাল মিছিল
- আপডেট সময় : ১০:১৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার সমিতির হাট এলাকায় এ মিছিল হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিও আপলোড করতে দেখা যায়। ভিডিওতে কয়েকজনকে হাতে জ্বলন্ত মশাল নিয়ে মিছিল করতে এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
দলীয় নেতাকর্মীদের ফেসবুক পোস্টে দাবি করা হয়, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের দিকনির্দেশনায় দলের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেছেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহমুদ বলেন, মঙ্গলবার রাত ৮টার পর বাসগাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের একটি মশাল মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন কালকিনি যুবদল নেতা মামুন শিকদার । তিনি বলেন, আওয়ামী লীগের মিছিলের খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছেন। প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে সক্ষম হবেন বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, আগামী ২৭ ও ২৮ নভেম্বর আওয়ামী লীগের মশাল মিছিলের কর্মসূচি ঘোষণার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। এর আগেই কালকিনিতে মশাল মিছিলের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।



















