নালিতাবাড়ীতে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- আপডেট সময় : ০৬:০০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের দক্ষিণ বাইটকামারী কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মায়েদের প্রসব-পূর্ব, গর্ভকালীন ও প্রসব-পরবর্তী পরিচর্যা বিষয়ে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ক্লিনিক প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুনায়েদ আব্দুল কাইয়ুম ও ডা: তানভীর আহমেদ। এতে গর্ভবতী মা ও তাঁদের পরিবারের সদস্যদের মাতৃস্বাস্থ্য, নিরাপদ প্রসব এবং মা ও নবজাতকের সঠিক যত্ন সম্পর্কে সচেতন করা হয়। সমাবেশে গর্ভবতী মায়েদের সম্পূর্ণ বিনামূল্যে ওজন ও রক্তচাপ পরিমাপ, রক্তে হিমোগ্লোবিন, ডায়াবেটিস ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। পাশাপাশি ফিটাল ডপলার মেশিনের মাধ্যমে গর্ভের শিশুর হৃদস্পন্দন পরীক্ষা করা হয়। এ সময় গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নিরাপদ প্রসব, প্রসব-পরবর্তী পরিচর্যা, নবজাতকের যত্ন, প্রয়োজনীয় টিকা ও পুষ্টি বিষয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং নিরাপদ প্রসবের বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের উদ্যোগ মাতৃ ও শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখবে। দক্ষিণ বাইটকামারী কমিউনিটি ক্লিনিকের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নালিতাবাড়ী, শেরপুর। এতে সার্বিক সহযোগিতা করে ইউনিসেফ বাংলাদেশ।


















