এমপির সুপারিশও গ্রাহ্য নয়! ভোলা পবিস জিএমের ‘ক্ষমতার দাপট’ নিয়ে তোলপাড়
- আপডেট সময় : ০৫:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
সরকারি সার্কুলার অনুযায়ী সাধারণ মানুষের বিদ্যুৎ সংযোগের আবেদনে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ থাকলেও তা গ্রহণ না করে ‘ক্ষমতার দাপট ও স্বেচ্ছাচারিতা’ দেখানোর অভিযোগ উঠেছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) রাজ্জাকুর রহমানের বিরুদ্ধে। গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আবেদনগুলোতে সুপারিশ করলেও জিএম তা গ্রহণে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দ্রুত তদন্ত সাপেক্ষে তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। আবেদনপত্র সূত্রে জানা যায়, সরকারি সার্কুলার মোতাবেক বিনামূল্যে একটি করে বিদ্যুৎ খুঁটি পেতে আবেদন করেছিলেন চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের (দক্ষিণ আইচা থানা) চর কচ্ছপিয়া গ্রামের মমতাজ বেগম, রসূলপুর ইউনিয়নের (শশীভূষণ থানা) উত্তর আইচা গ্রামের রুমা বেগম এবং জাহানপুর ইউনিয়নের (শশীভূষণ থানা) জাহানপুর গ্রামের রুমা বেগম। প্রতিটি আবেদনেই উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট পাড়ায় ১০ থেকে ১৫টি পরিবার বসবাস করে এবং একটিমাত্র খুঁটির অভাবে এসব পরিবার বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত রয়েছে। জনদুর্ভোগ লাঘবে গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আবেদনগুলোতে ‘সুপারিশ করছি’ লিখে স্বাক্ষর ও সিলমোহর প্রদান করেন। অভিযোগ রয়েছে, জনপ্রতিনিধির এই সুপারিশ থাকা সত্ত্বেও ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রাজ্জাকুর রহমান ক্ষমতার অপব্যবহার করে সুপারিশপত্র গ্রহণ করেননি। স্থানীয় বাসিন্দা ও নেতৃবৃন্দের ভাষ্য, মাত্র একটি খুঁটি দিলেই ডজনখানেক পরিবার আলোর মুখ দেখতে পারত। কিন্তু জনপ্রতিনিধির সুপারিশ উপেক্ষা করে জিএম চরম স্বেচ্ছাচারিতা ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তার এই আচরণের নেপথ্যে ‘ক্ষমতার উৎস’ কী, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। এ বিষয়ে বক্তব্য জানতে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রাজ্জাকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। ভুক্তভোগী পরিবার ও সচেতন মহলের দাবি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জেনারেল ম্যানেজার রাজ্জাকুর রহমানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার।



















