চৌমুহনীতে ডিবির অভিযানে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- আপডেট সময় : ০২:৫২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে একটি নির্মাণপ্রতিষ্ঠানের কার্যালয় থেকে ইয়াবা ও নগদ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে হকার্স মার্কেট এলাকায় পরিচালিত এ অভিযানে ৩ গ্রাম ইয়াবা ও মাদক বিক্রির অভিযোগে নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার গণিপুর এলাকার মিজানুর রহমান শরীফ (৩২) এবং সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর এলাকার মো. আব্দুল হান্নান সেন্টু (৩৮)।
ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রাত ৯টা ৪৫ মিনিটে চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হকার্স মার্কেটের পূর্ব পাশে গনি কনস্ট্রাকশনের দ্বিতীয় তলার কার্যালয়ে অভিযান চালানো হয়। পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির ওসির তত্ত্বাবধানে এসআই মো. আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে মিজানুর রহমান শরীফের দেহ তল্লাশি করে ৩ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক পরিমাণ ৩০ পিস। এর মধ্যে ২০ পিস অক্ষত এবং বাকি অংশ গুঁড়া অবস্থায় ছিল। এ সময় মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।
ডিবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান শরীফের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা তদন্তাধীন ও আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে



















