রাজস্থলীতে পণ্যবাহী গাড়ি উল্টে ডেলিভারি ম্যান নিহত, চালক পলাতক
- আপডেট সময় : ০৩:১৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
রাঙামাটির রাজস্থলী উপজেলায় আবুল খায়ের গ্রুপের দুগ্ধজাত পণ্যবাহী তিন চাকার একটি মোটরযান উল্টে খোকন দে (৪৪) নামে এক ডেলিভারি ম্যান নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেলিপ্যাড সংলগ্ন সেলমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িচালক মো. এমজাদ (৩০) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নিহত খোকন দে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের বাসিন্দা। তিনি অজিত দে’র ছেলে এবং আবুল খায়ের গ্রুপের দুগ্ধজাত পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া থেকে রাইখালীর উদ্দেশ্যে যাওয়ার পথে পণ্যবাহী তিন চাকার গাড়িটি (স্থানীয়ভাবে টিকটিকি গাড়ি নামে পরিচিত) সেলমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে গাড়িতে থাকা খোকন দে মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে নেয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. সাকের আহমেদ জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



















