ময়মনসিংহের ফুলপুরে পৃথক পৃথক ঘটনায় একদিনে ৩ জনের লাশ উদ্ধার
- আপডেট সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহ ফুলপুর ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একদিনেই নদী থেকে উদ্ধার করা হয়েছে দুইজনের লাশ এবং কাঁঠালগাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক যুবকের নিথর দেহ। শুক্রবার (২৪ জুলাই) এসব পৃথক ঘটনা ঘটে। কংশ নদে নিখোঁজ আছির উদ্দিনের লাশ ৩৩ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের বৃদ্ধ আছির উদ্দিন (৮৫) কংশ নদে এশার নামজের অজু করতে গিয়ে স্রোতে ভেসে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর অভিযান চালিয়ে ব্যর্থ হওয়ার পর, নিখোঁজের ৩৩ ঘণ্টা পর শুক্রবার সকালে পাশ্ববর্তী ধোবাউড়ার উপজেলার ইজারাপাড়া এলাকায় কংশ নদ থেকে স্বজনরা তাঁর ভাসমান লাশ উদ্ধার করেন। একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের রাংশা নদী থেকে বাদাম বিক্রেতা শফিক মিয়া (৪৫)-এর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি চক ঢাকিরকান্দা গ্রামের মুফতি হামিদুর রহমানের ছেলে। নদীর তীরে বসে থাকার একপর্যায়ে তিনি নদীতে পড়ে যান। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এদিকে শুক্রবার রাত ৯টার দিকে ফুলপুর পৌরসভার মোগরকান্দা গ্রামে পারিবারিক কলহের জেরে আব্দুস সামাদ (২২) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিজ বাড়ির সামনের একটি কাঁঠালগাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত সামাদের ৬ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ বলেন উক্ত তিনটি ঘটনায় তিনটি অপমৃত্যুর মামলা হয়েছে, এর মধ্যে দুটি লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
























