নোয়াখালীর কবিরহাট-সোনাপুর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
- আপডেট সময় : ০১:৩২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট-সোনাপুর সড়কে মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুন্দলপুর এলাকার বারীপুকুরপাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ও পেছনে থাকা আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত মিনি ট্রাকের চালককে আটক করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।



















