কমলালেবুর আড়ালে কোটি টাকার বিদেশি সিগারেট: চট্টগ্রাম বন্দরে কাস্টমসের চাঞ্চল্যকর জব্দ অভিযান
- আপডেট সময় : ০১:৩০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরে কমলালেবুর আড়ালে আমদানির ঘোষণা দিয়ে আনা হয়েছে কোটি টাকার বিদেশি সিগারেট। কাস্টমস হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (AIR) শাখা এ চালান থেকে ১ কোটি ২৫ লাখ শলাকা ‘ল্যামার’ ও ‘অস্কার’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে।

বুধবার (২১ মে) কনটেইনার খোলার পর বেরিয়ে আসে এ প্রতারণার চিত্র, যা বৃহস্পতিবার (২২ মে) গণমাধ্যমে জানানো হয়।
জানা গেছে, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন গত ১৫ মে চালানটি ‘ফ্রেশ ন্যাভেল অরেঞ্জ’ (কমলালেবু) হিসেবে ঘোষণা করে আমদানি করে। পণ্য খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট দিবা ট্রেডিং লিমিটেড।
চট্টগ্রাম কাস্টমস জানায়, পণ্যের ঘোষণার সঙ্গে বাস্তব পরিস্থিতির অমিল থাকায় সন্দেহ জাগে। পরে ‘ফোর্সড কিপ ডাউন’ পদ্ধতিতে চালান পরীক্ষা করে দেখা যায়, কনটেইনারে মাত্র ৩৮টি কার্টুন কমলালেবু ছিল, বাকি ১ হাজার ২৫০ কার্টুনজুড়ে ছিল বিদেশি সিগারেট।
এআইআর শাখার প্রাথমিক তদন্তে উঠে আসে, এই চালানের মাধ্যমে প্রায় ৩০ কোটি টাকার শুল্ক ফাঁকির অপচেষ্টা করা হয়েছে।
কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সাইদুল ইসলাম জানান, “ভুয়া ঘোষণা ও নথিপত্র ব্যবহার করে রাজস্ব ফাঁকির একটি সুপরিকল্পিত চেষ্টা চালানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, আমদানিকৃত বৈধ বিদেশি সিগারেটের প্যাকেটে বাংলায় ধূমপানবিরোধী সতর্কবার্তা থাকা বাধ্যতামূলক হলেও জব্দ করা পণ্যে তা অনুপস্থিত ছিল।
নিয়মানুযায়ী, মান যাচাই শেষে এসব অবৈধ পণ্য ধ্বংস অথবা নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

























