তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, সেচ সংকটে বিপাকে কৃষক
- আপডেট সময় : ১১:১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে
উপজেলা প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের পাশে খানকুলা বাজার সংলগ্ন সমবায় পেট্রোল পাম্পে তেলের জন্য দীর্ঘসময় অপেক্ষা করছেন প্রান্তিক কৃষকরা। ইরি মৌসুমে সেচ কার্যক্রম সচল রাখতে বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকদের ভিড়ে পাম্প এলাকায় তৈরি হয়েছে চরম ভোগান্তির চিত্র।
কৃষকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সময়মতো তেল পাওয়া যাচ্ছে না। দিনভর অপেক্ষার পর রাতে শ্যালো ইঞ্জিন চালিয়ে জমিতে সেচ দিতে হচ্ছে, যা তাদের জন্য হয়ে উঠেছে চরম কষ্টসাধ্য।
একাধিক কৃষক জানান, “সঠিক সময়ে তেল না পেলে জমিতে প্রয়োজনমতো সেচ দেওয়া সম্ভব হয় না। এতে ফসলের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা থাকে। খরচের তুলনায় ফলন না পেলে আমরা মারাত্মক ক্ষতির মুখে পড়বো।”
তারা আরও বলেন, সরকারের পক্ষ থেকে যদি সময়মতো তেলের সরবরাহ নিশ্চিত করা যায়, তাহলে কৃষকের দুর্ভোগ অনেকটাই কমবে এবং ফসলের উৎপাদনও ভালো হবে।
এদিকে পাম্প কর্তৃপক্ষ জানায়, তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে তারা সতর্কভাবে দায়িত্ব পালন করছেন। পাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার বলেন, “কৃষকরা যাতে ন্যায্যভাবে তেল পায়, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কেউ যেন অতিরিক্ত তেল মজুদ করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।”
কৃষকদের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে তেলের সরবরাহ স্বাভাবিক করা না হলে চলতি মৌসুমে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।




















