আখাউড়ায় পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ অটোরিকশা
- আপডেট সময় : ১০:৩৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পুলিশ। পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।
পুলিশ জানায়, রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ এমরান হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে এএসআই মোঃ আনোয়ারুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানের একপর্যায়ে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মোগড়া এলাকায় কসবা অভিমুখী সড়কে একটি সন্দেহজনক অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অটোরিকশার ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— নুরনবী (২১) ও হাসান মিয়া (২৫)। তারা উভয়েই মোগড়া সওদাগরপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে আরও জানা যায়, উদ্ধার হওয়া ২৪ কেজি গাঁজা ও ব্যবহৃত অটোরিকশা জব্দ করে তালিকাভুক্ত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য দিয়েছে বলে জানা গেছে।
আখাউড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে পাঠানো হবে।
পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান চলমান থাকবে। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে সাধারণ জনগণকে সচেতন হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।




















