যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ২৫ বোতল বিদেশী মদ ও ১২৬২ বোতল নেশা জাতীয় সিরাপসহ ০৪ জন আসামী আটক করেছে বিজিবি
- আপডেট সময় : ১২:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
অদ্য ১৯ জুলাই ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নাড়াইল মহাসড়কের নীমতলা এলাকা হতে ০১ জন আসামীসহ ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ০১টি মোবাইল এবং নগদ ১৮,৩৩০/- টাকা আটক করে। আটককৃত ব্যক্তির ব্যাগের মধ্যে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত রৌপ্য পাওয়া যায়। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ রবিউল ইসলাম (৪০), পিতাঃ মোঃ আমজাদ আলী, গ্রামঃ আলাইপুর উত্তর, ডাকঘরঃ হামিদপুর, থানাঃ কলরোয়া, জেলাঃ সাতক্ষীরা।
এছাড়াও বিজিবি ও র্যা বের সমন্বয়ে কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপীনাথপুর গ্রাম ও টেংরালী বাউন্ডারীপাড়া গ্রামে ০২টি পৃথক যৌথ অভিযান পরিচালনা করে ০৩জন আসামীসহ ভারতীয় ৭৭৪ বোতল ESKUF সিরাপ এবং ২৬৯ বোতল WINCREX সিরাপ আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা- (১) মোঃ আবু বকর (৩৬), পিতাঃ মোঃ হোসেন মুন্সী, গ্রামঃ বাউন্ডারী, থানাঃ শার্শা, জেলাঃ যশোর, (২) মোঃ মিনাজ (২৩), পিতাঃ মোঃ সানাউল্লাহ, গ্রামঃ গোপীনাথপুর ,বটতলা, থানাঃ শার্শা, জেলাঃ যশোর, (৩) মোঃ বশির (১৮), পিতাঃ মোঃ কামাল হোসেন, গ্রামঃ গোপীনাথপুর, থানাঃ শার্শা, জেলাঃ যশোর।
অপরদিকে মাসিলা ও পাঁচপীরতলা বিওপি হতে আরোও ০২টি অভিযান পরিচালনা করে ২৫ বিদেশী মদ এবং ২১৯ বোতল নেশাজাতীয় সিরাপ আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত রৌপ্য, বিদেশী মদ ও নেশাজাতীয় সিরাপের সর্বমোট সিজার মূল্য ৪৩,২৫,৭৮০/- (তিতাল্লিশ লক্ষ পঁচিশ হাজার সাতশত আশি) টাকা।
মাদকদ্রব্যসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের সম্পন্ন করে শার্শা থানায় এবং রৌপ্যসহ আটককৃত আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় ও রৌপ্য যশোর ট্রেজারীতে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে রৌপ্য ও মাদকসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।



















