গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন
- আপডেট সময় : ১০:৫৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে জেলা স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ এবং জেলা ফুটবল খেলোয়াড় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লুলুসহ স্থানীয় ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গাইবান্ধা দীর্ঘদিন ধরেই ক্রীড়াক্ষেত্রে সুনাম ধরে রেখেছে। ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন খেলায় জেলার অংশগ্রহণ ও সাফল্য উল্লেখযোগ্য। এই ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত অনুশীলনের পাশাপাশি এমন প্রতিযোগিতামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ায় এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে সহায়ক হয়। অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানিয়ে তিনি গাইবান্ধার ক্রীড়াঙ্গনের আরও উন্নতি কামনা করেন। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, দাড়িয়াপুর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয় এবং মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্বোধনী দিনে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৯ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল খেলার মাধ্যমে প্রতিযোগিতার পর্দা নামবে।



















