অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন, সাংবাদিককে ডিজিএমের কটূক্তি
- আপডেট সময় : ০১:৩১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎ ব্যবহার না করেও একটি সেচ সংযোগের বিপরীতে তিন হাজার টাকার বেশি বিল দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিলের অসংগতির কারণ জানতে পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ার অভিযোগ করেছেন এক সাংবাদিক। উল্টো বিষয়টি জানতে চাইলে সাংবাদিককে ‘সকালে কী খেয়েছেন?’ বলে প্রশ্ন করেন অফিসের ডিজিএম আক্তারুজ্জামান। অভিযোগ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ীর একটি সেচ সংযোগে গত তিন মাসে বিদ্যুৎ বিল এসেছে মাত্র ২৯২ টাকা। অথচ হঠাৎ চলতি মাসে একই সংযোগের বিপরীতে তিন হাজার টাকার বেশি বিল করা হয়েছে। বিলের এই অস্বাভাবিক পার্থক্য নিয়ে গ্রাহকের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি জানার পর বিলের অসংগতির কারণ ও সমাধান জানতে সকালে নালিতাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে যান দৈনিক জনবাণীর নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ধরেন। তবে দীর্ঘক্ষণ চেষ্টা করেও বিলের অতিরিক্ত অর্থের কারণ সম্পর্কে কোনো সন্তোষজনক ব্যাখ্যা বা সমাধান পাননি বলে অভিযোগ করেন তিনি। পরে বিষয়টি নিয়ে অফিসের ডিজিএম আক্তারুজ্জামানের সঙ্গে কথা বলেন ওই সাংবাদিক। এ সময় ডিজিএম বিল পরিশোধ করতেই হবে বলে জানান। কেন এত বেশি বিল পরিশোধ করতে হবে—এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিককে উদ্দেশ করে বলেন, ‘আপনি সকালে কী খেয়ে আসছেন?’ একজন গ্রাহকের অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণ জানতে গিয়ে এমন মন্তব্যের মুখে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই সাংবাদিক। তাঁর অভিযোগ, একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এ ধরনের মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও অপেশাদার আচরণের শামিল। এ ঘটনায় স্থানীয় গ্রাহকদের মধ্যে প্রশ্ন উঠেছে, বিদ্যুৎ ব্যবহার ও বিলের মধ্যে অসংগতি থাকলে তার ব্যাখ্যা এবং সমাধান কে দেবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগটির সুষ্ঠু তদন্ত, বিলের হিসাব যাচাই এবং গ্রাহকবান্ধব আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পক্ষ।



















