আন্ডারচর বিট পুলিশ কর্মকর্তাকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, ক্ষুব্ধ সচেতন মহল।
- আপডেট সময় : ১২:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও আন্ডারচর ইউনিয়ন বিট পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফখরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারণার অভিযোগ উঠেছে। তাঁকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি আখ্যা দিয়ে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ প্রচার করা হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের একাংশের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মো. ফখরুল ইসলাম ২০২৪ সালের ২৬ জুন নোয়াখালীর সুধারাম মডেল থানায় যোগদান করেন। দায়িত্ব পালনকালে বৃহত্তর চরমটুয়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন তিনি। পরবর্তী সময়ে তাঁকে আন্ডারচর ইউনিয়ন বিট পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য, আন্ডারচর ইউনিয়নে অতীতে বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড, চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক ঘটনা ঘটেছে। তবে বিট পুলিশ ক্যাম্প চালুর পর এলাকায় পুলিশের উপস্থিতি ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বেড়েছে। স্থানীয় বাসিন্দারা দৈনন্দিন বিভিন্ন পুলিশি সেবা পাচ্ছেন।
এদিকে অভিযোগ উঠেছে, দায়িত্ব পালনকালে রাজনৈতিক পরিচয় কিংবা কোনো ধরনের প্রভাবের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করায় একটি স্বার্থসংশ্লিষ্ট পক্ষ তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।
এসআই ফখরুল ইসলাম বলেন, ‘আন্ডারচরে বিট পুলিশ ক্যাম্প উদ্বোধনের দেড় মাসের মধ্যে কোনো চুরি, ডাকাতি কিংবা হত্যার ঘটনায় মামলা রুজু হয়নি। এলাকার মানুষ নিয়মিত পুলিশি সেবা নিচ্ছেন। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে।’
তাঁকে ছাত্রলীগের সভাপতি আখ্যা দিয়ে প্রচার চালানোর বিষয়ে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ছাত্রলীগের সভাপতি পরিচয় দিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। আমি কনস্টেবল পদে চাকরিতে যোগদান করে পদোন্নতির মাধ্যমে আজ উপপরিদর্শক (এসআই) হয়েছি। ছাত্রলীগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের আগে দায়িত্ব পালনকালে আমার মাধ্যমে বিএনপির কোনো নেতাকর্মীকে হয়রানি করা হয়নি। তাঁদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দেওয়া হয়নি কিংবা রাজনৈতিক কারণে কাউকে দাঙ্গা-হাঙ্গামায় জড়ানো হয়নি। বিগত সরকারের আমলেও আমি কোনো বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বা অন্যায়ভাবে কোনো পদক্ষেপ নিইনি।’
ক্ষোভ প্রকাশ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমার দায়িত্ব পালনে যদি কোনো অনিয়ম, মিথ্যা মামলা কিংবা আর্থিক লেনদেনের সম্পৃক্ততা থাকত, তাহলে হয়তো কেউ আমার বিরুদ্ধে অভিযোগ তুললে সেটি নিয়ে ভাবার অবকাশ ছিল। কিন্তু ছাত্রলীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এমন পরিচয়ে আমাকে আখ্যায়িত করে প্রচারণা চালানো অত্যন্ত দুঃখজনক। আন্ডারচরের মানুষের কাছ থেকে এমনটি আশা করিনি।’
অন্যদিকে স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা মনে করেন, সরকারি চাকরিতে বদলি ও পদায়ন একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। তবে কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যের ওপর নির্ভর করে কারও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করা সমীচীন নয়।
তাঁদের মতে, আন্ডারচর ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হওয়া উচিত সবার প্রধান লক্ষ্য। কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা জরুরি।
স্থানীয় সচেতন মহলের একাংশের আশঙ্কা, দায়িত্বশীল ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাদের নিয়ে ভিত্তিহীন বিতর্ক সৃষ্টি হলে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরার দাবি জানিয়েছেন তাঁরা।



















