নালিতাবাড়ীতে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি, চারজনের ১৪ বছর করে কারাদণ্ড
- আপডেট সময় : ০১:২২:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
শেরপুর। শেরপুরের নালিতাবাড়ীতে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবির মামলায় চার আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী। দণ্ডপ্রাপ্তরা হলেন, নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) এবং সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে সাত বছর বয়সী ওই শিশুকে অপহরণ করেন আসামিরা। পরে শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে দাবিকৃত টাকা দিতে পারেননি স্বজনরা। পরদিন জামালপুরের নারিকেলী বাজার থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরে একই বছরের ৯ সেপ্টেম্বর শিশুটি রাইসুল হুদাকে শনাক্ত করতে পারলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রাইসুল অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং সহযোগীদের নাম প্রকাশ করে বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত আসামি রাইসুল হুদা ও জামিরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন বাবু পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।



















