শহীদদের স্মরণে শিবিরের মেডিকেল ক্যাম্পের আয়োজন, সেবা নিলেন শতাধিক শিক্ষার্থী
- আপডেট সময় : ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনের শহীদ আলী রায়হানসহ সকল জুলাই শহীদের স্মরণে রাজশাহী কলেজে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী মহানগর শাখা। শিক্ষার্থীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় রাজশাহী কলেজের পদ্মপুকুরপাড়ে শহীদ সাকিব আনজুম ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চর্মরোগ, ডেন্টাল, মেডিসিন ও নারীদের জন্য গাইনি বিভাগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পাশাপাশি রক্তদান কর্মসূচিও পরিচালিত হয়।
কর্মসূচির উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সভাপতি ইমরান নাজির। তিনি বলেন, সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্প দুপুর ১টা পর্যন্ত চলবে। আমাদের মূল উদ্দেশ্য রাজশাহী কলেজের শিক্ষার্থীদের জন্য চিকিৎসাসেবাকে সহজলভ্য করা। শিক্ষার্থীবান্ধব সব ধরনের কার্যক্রমে ছাত্রশিবির অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে। আগামীতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। বক্তব্য শেষে তিনি নিজেই রক্তদান করে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচি পরিদর্শনকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. জাহাঙ্গীর বলেন, শহীদ আলী রায়হানসহ জুলাই আন্দোলনের সকল শহীদের স্মরণে ছাত্রশিবিরের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রয়োজনের সময় অনেক মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে রক্তের সন্ধান করেন, কিন্তু সময়মতো রক্ত পাওয়া যায় না। এ ধরনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সেই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দিনব্যাপী কর্মসূচিতে রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিতে দেখা যায়। চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্যপরামর্শ, প্রয়োজনীয় ওষুধ এবং ব্যবস্থাপত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।
পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শাফায়েত বলেন, চিকিৎসাসেবা নিয়ে খুব ভালো লাগছে। কিছুদিন ধরে শরীর দুর্বল লাগছিল এবং রাতে ঠিকমতো ঘুম হতো না। এখানে চিকিৎসক আমাকে পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন দিয়েছেন। ক্যাম্পাসে এমন উদ্যোগ সত্যিই শিক্ষার্থীদের জন্য খুব উপকারী।
আরেক শিক্ষার্থী জুবাইদা বলেন, এটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। ক্লাস ও অন্যান্য ব্যস্ততার কারণে ছোটখাটো শারীরিক সমস্যার জন্য হাসপাতালে যাওয়া অনেক সময় সম্ভব হয় না। কিন্তু ক্যাম্পাসেই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুযোগ পাওয়ায় আমাদের সময় যেমন বাঁচছে, তেমনি সহজেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি সাখওয়াত হোসেন, অর্থ সম্পাদক সাকিব রানা, স্কুল কার্যক্রম সম্পাদক মাহমুদুল হাসান মাসুম, রাজশাহী কলেজ শাখা সভাপতি মোশাররফ হোসেন, সেক্রেটারি মেশকাত রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



















