গাইবান্ধায় এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬: ৩৪ হাজার ৫২৭ শিক্ষার্থী, ৬৮ কেন্দ্রে জোরদার প্রস্তুতি
- আপডেট সময় : ০২:০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ও ভার্চুয়ালি জুম প্ল্যাটফর্মে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সভায় জানানো হয়, চলতি বছরে জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৫২৭ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা-গাইবান্ধা সদর ৪,৭১৭ জন, সাদুল্লাপুর ২,৬০৬ জন, পলাশবাড়ীের ৩,০১৮ জন, ফুলছড়ি ১,০২২ জন, সুন্দরগঞ্জ ৩,৯৭৩ জন, সাঘাটা ৩,৪৯৫ জন এবং গোবিন্দগঞ্জ ৬,৫৮৩ জন। পাশাপাশি দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৫,৯০৮ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে ২,৫৯৮ জন। জেলায় মোট ৬৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এসএসসি ৪২টি, দাখিল ১১টি এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) মিলিয়ে ১৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, ধারণকৃত ভিডিও সংরক্ষণ, কাঁটাওয়ালা ঘড়ি স্থাপন, কেন্দ্রের নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হবে। সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভাপতি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এজন্য সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে, যাতে পরীক্ষাটি নির্বিঘ্ন ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করা যায়।



















