মানিকগঞ্জে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ: সংবাদ সংগ্রহে গিয়ে হুমকির মুখে সাংবাদিকরা
- আপডেট সময় : ১২:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে একটি ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হুমকি ও অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক। ঘটনাটি ঘটে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অধীন পরিচালিত মিলনর্স ফিলিং স্টেশনে।
অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত স্টেশনে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে, যারা অতিরিক্ত অর্থের বিনিময়ে নির্দিষ্ট গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করে আসছে। এতে সাধারণ গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. রাকিব (গ্রাম: বেতিলা) জানান, “লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় তেল পাওয়া যায় না। অথচ কিছু মোটরসাইকেল দ্রুত তেল নিয়ে চলে যায়, যা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করছে।”

এছাড়া একাধিক যানবাহন চালক একই ধরনের অভিযোগ করেন। তাদের দাবি, দালালদের মাধ্যমে আসা গ্রাহকদের অগ্রাধিকার দেওয়ায় নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
এমন পরিস্থিতিতে তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের সঙ্গে স্টেশনের কিছু কর্মচারী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন সাংবাদিক জানান, তাদের গালিগালাজ করা হয় এবং হুমকি দিয়ে ফিলিং স্টেশন এলাকা থেকে বের করে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ‘ভিআইপি লাইন’ বন্ধ করে সকল গ্রাহককে সিরিয়াল অনুযায়ী তেল সরবরাহের নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, সংবাদ সংগ্রহে বাধা এবং হুমকি গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা



















