চৌমুহনী ফলমন্ডিতে ইউএনও’র কঠোর অভিযান: পথ দখল করলে আর ছাড় নেই
- আপডেট সময় : ০১:৪৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর চৌমুহনী ফলমন্ডি বাজারে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী তরমুজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, রাস্তা দখল করে ব্যবসা করা হলে কোনো রকম ছাড় থাকবে না।
চৌমুহনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেগমগঞ্জ জানান, সন্ধ্যা ৭ টার দিকে বাজারে দেখা গেছে, তরমুজ ব্যবসায়ীরা রাস্তার দুই পাশ দখল করে রাখায় পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—রাস্তার একপাশে তরমুজ এবং লোড-আনলোডের যানবাহন রাখার সুযোগ দেওয়া যাবে, অপর পাশ জনসাধারণ ও যানবাহনের চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখতে হবে।
প্রশাসন আরও জানায়, এই নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৩৩ ধারায় গণউপদ্রব সৃষ্টির অভিযোগে নিয়মিত মামলা হবে। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের এই কঠোর পদক্ষেপে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার প্রত্যাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
প্রতিবাদী কণ্ঠে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হলো—যেখানে আইন অমান্য, সেখানে প্রশাসন ছাড় দেয় না।























