নালিতাবাড়ী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক
- আপডেট সময় : ১০:২৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। পরে ওই দিন রাতে আটক ব্যক্তিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পানিহাতা ফেকামারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে। তারা হলেন- আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), তাদের সন্তান আকিব, নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)।
আটক ব্যক্তিদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


















