একটি গাছ একটি পরিবারের জন্য সম্ভল — এমপি ওয়ারেছ আলী মামুন
- আপডেট সময় : ০১:৪১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে
জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, “বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ ও খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি গাছ একটি পরিবারের জন্য সম্ভল হতে পারে। তাই বর্তমান সরকার বৃক্ষরোপণ কর্মসূচিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।”
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বৃক্ষরোপণ অভিযান ও সাতদিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন বর্ণাঢ্য র্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে শহরের ফৌজদারী মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে আয়োজিত উদ্বোধনী সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসূপ আলী, বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ নূরুল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম। এ সময় বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী ৩৫টি স্টল পরিদর্শন করেন। তারা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা ঘুরে ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।



















