নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ
- আপডেট সময় : ১০:২৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (২২ নভেম্বর) ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা-গারোপাড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করা হয়। পরে জব্দ করা ওষুধের সিজার মূল্য নির্ধারণ করা হয় ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















