নালিতাবাড়ীতে বটগাছ কাটাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ
- আপডেট সময় : ০১:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে বটগাছ কাটাকে কেন্দ্র করে মোছা. লাকি আক্তার (২৭) নামে এক নারীকে মারধর, শ্লীলতাহানি, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযোগকারী লাকি আক্তার উপজেলার নন্নী ইউনিয়নের কয়রাকুড়ি এলাকার বাসিন্দা ও মো. নূর ইসলামের স্ত্রী। অভিযোগে অভিযুক্তরা হলেন—নন্নী অভয়পুর এলাকার মৃত ওয়াজেদ মাস্টারের ছেলে মো. আরিফ মিয়া (৩৫), কয়রাকুড়ি গ্রামের সৈয়দ আলীর ছেলে মো. শাহিন মিয়া (২৭) এবং আরিফ মিয়ার স্ত্রী উম্মে হানি (২৭)। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর লাকির বসতবাড়ির পাশে খালের পাড়ে রোপণ করা একটি বড় বটগাছ অভিযুক্তরা কেটে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। এতে বাধা দিলে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরই জের ধরে গত ১৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নালিতাবাড়ী থানাধীন অভয়পুর, নন্নী সাকিনস্থ জনৈক হালিম মিয়ার বাড়ীর সামনে কাঁচা রাস্তায় লাকির সঙ্গে অভিযুক্তদের পুনরায় দেখা হয়। এ সময় তাকে গালিগালাজের একপর্যায়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। অভিযোগে আরও বলা হয়, আরিফ মিয়া মাছ ধরার কুচ দিয়ে এবং অন্যরা লোহার রড ও গাছের ডাল দিয়ে লাকিকে আঘাত করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে তাকে রাস্তায় ফেলে টানাহেঁচড়া করে পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ সময় তার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়রা আহত অবস্থায় লাকি আক্তারকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে শেরপুর জেলা হাসপাতালে রেফার্ড করা হয়। জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি সেখান থেকে রিলিজ নিয়ে বর্তমানে পুনরায় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, আজ সোমবার (২১ সেপ্টেম্বর) নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন লাকি আক্তারের শারীরিক অবস্থা দেখে স্থানীয় রোগী ও স্বজনসহ সাধারণ মানুষের মধ্যে ঘটনাটি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। আহত ওই নারীকে চিকিৎসাধীন অবস্থায় দেখে অনেকে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লাকি আক্তার নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মামলা হবে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



















