নেত্রকোণায় বিএডিসি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
- আপডেট সময় : ০৩:৩১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও গ্রেড অবনমন এবং পদোন্নতিতে নতুন শর্ত আরোপের প্রতিবাদে সারা দেশের মতো নেত্রকোণাতেও কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নেত্রকোণা বিএডিসি সেচ ভবন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। বিএডিসি সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে বিএডিসির বিভিন্ন উইংয়ের ৩৮টি শ্রেণির পদের বেতন, গ্রেড ও নিয়োগের যোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে মহাব্যবস্থাপকসহ সংস্থাটির অধিকাংশ পদের বেতন গ্রেড এক ধাপ কমানো হয়েছে। একই সঙ্গে পদোন্নতির ক্ষেত্রে ফিডার পদে চাকরির মেয়াদও বাড়ানো হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের দাবি, নতুন আদেশের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রচলিত পদমর্যাদা ও বেতন গ্রেড অবনমন করা হয়েছে। এর ফলে কর্মকর্তাদের পদোন্নতির সুযোগও সংকুচিত হবে। এ সিদ্ধান্ত জাতীয় বেতন স্কেলের সঙ্গেও সাংঘর্ষিক বলে দাবি তাদের। তারা জানান, এতদিন বিএডিসির মহাব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলী পদ দ্বিতীয় গ্রেডের ছিল। নতুন আদেশে এসব পদ তৃতীয় গ্রেডে নির্ধারণ করা হয়েছে। একইভাবে অতিরিক্ত পরিচালক ও অতিরিক্ত মহাব্যবস্থাপক পদ তৃতীয় গ্রেড থেকে চতুর্থ গ্রেডে, যুগ্ম পরিচালক, উপপ্রধান প্রকৌশলী, যুগ্ম প্রধান ও যুগ্ম হিসাব নিয়ন্ত্রক পদ চতুর্থ গ্রেড থেকে পঞ্চম গ্রেডে এবং উপপরিচালক ও নির্বাহী প্রকৌশলী পদ পঞ্চম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে নামানো হয়েছে। এ ছাড়া প্রধান চিকিৎসক পদও চতুর্থ গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে নামানো হয়েছে বলে দাবি করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। অর্থ বিভাগের ওই আদেশে বিএডিসির চারটি পরিচালক পদে সরকারের যুগ্ম সচিব অথবা অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে প্রেষণে নিয়োগ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। নতুন আদেশ বাতিল করে আগের বেতন গ্রেড ও পদোন্নতির সুযোগ পুনর্বহালের দাবিতে মঙ্গলবার থেকে কর্মসূচি শুরু করেছেন বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা। দাবি পূরণ না হলে আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রয়োজনে পূর্ণাঙ্গ কর্মবিরতি বা প্রতিষ্ঠান অচল করে দেওয়ার কর্মসূচিও দেওয়া হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে নেত্রকোণা বিএডিসির উপপরিচালক ও বিএডিসি কৃষিবিদ সমিতির সদস্য মো. শহিদুল ইসলাম, বিএডিসি সেচের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান, বিএডিসি খামার ও বীজ বিপণনের সিনিয়র সহকারী পরিচালক মো. রাকিবুল হাসানসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।









