নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ
- আপডেট সময় : ০৩:১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি বাজারে শাহিন মিয়া (১৯) নামে এক যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত যুবকের মা মোছাঃ শাহিদা বেগম। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার ১৯ আগস্ট দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কাকরকান্দি বাজারে মোবারক হোসেনের ভেরাইট্রিক্স দোকানের সামনে পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, পূর্বের বিভিন্ন বিষয় নিয়ে শাহিন মিয়ার সঙ্গে অভিযুক্তদের বিরোধ ও জেদ-আক্রোশ ছিল। এর জের ধরে ঘটনার রাতে কয়েকজন ব্যক্তি শাহিনকে ডেকে একটি অটোরিকশায় জোরপূর্বক তুলে কাকরকান্দি বাজারে নিয়ে যান। সেখানে আবু সামার নির্দেশে মোবারক হোসেন, আবু সামা, মফিজ উদ্দিন ও রূপচান লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শাহিনকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, আবু সামা লোহার রড দিয়ে শাহিনের পিঠ, কোমর ও দুই পায়ের উরুতে আঘাত করেন। মোবারক হোসেন লোহার রড দিয়ে শাহিনের ডান পায়ের হাঁটুর নিচে আঘাত করলে তার হাড় ভেঙে গুরুতর জখম হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। রূপচানও বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আবু সামা শাহিনের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন শাহিনের মা। পরে অভিযুক্তরা শাহিনকে বিভিন্নভাবে হুমকি দেন এবং সুযোগ পেলে তাকে হত্যা করে লাশ গুম করার ভয় দেখান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, পরে ছাইদুল ইসলামসহ স্থানীয়রা শাহিনকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। আহতের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মোছাঃ শাহিদা বেগম নালিতাবাড়ী থানায় মোবারক হোসেন, আবু সামা, মফিজ উদ্দিন, রূপচান, কমল মিয়া, বাদশা মিয়া ও অটোচালক নূর হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।



















