মাতামুহুরীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ: স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসনের শুকনো খাবার বিতরণ:
- আপডেট সময় : ০৪:৪৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে
১২ জুলাই ২০২৬ ইং টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের নবগঠিত মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। হঠাৎ আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন উপজেলার হাজার হাজার মানুষ। রান্নাবান্নার সুযোগ না থাকায় দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।
এমন চরম মানবিক বিপর্যয়ের মুখে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় আজ মাতামুহুরী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ-এর নির্দেশনায় এবং জেলা প্রশাসকের পক্ষ হতে বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার শাহারবিল, বিএমচর এবং পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও প্রত্যন্ত পানিবন্দি এলাকায় গিয়ে অসহায় মানুষের হাতে এই শুকনো খাবার তুলে দেওয়া হয়।
পূর্ব বড় ভেওলা ইউনিয়নে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব আনোয়ারুল আরিফ দুলাল। তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় জেলা প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মীদের নিয়ে বন্যাকবলিত মানুষের পাশে আমরা সর্বদা থাকব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জনাব আলাউদ্দিন লিটন, মাতামুহুরী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব মোস্তফা জমির এবং মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সৈয়দ নুর। এছাড়াও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের এই সমন্বিত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।



















