ঝিকরগাছায় বিএনপি নেতার পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ
- আপডেট সময় : ০২:৪৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামে সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গিয়েছে। এই ঘটনায় লাউজনি গ্রামের হোসেন আলীর ছেলে, সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড (লাউজনি) বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন (৪০) ও তার ব্যবসায়িক পার্টনার মোরশেদ আলম স্বপন (৩০) দীর্ঘদিন ধরে লাউজানি গ্রামের ১.৮৬ একর আয়তনের সরকারি কালেক্টরি পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। গত বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২ টা থেকে সকাল সাড়ে ৫ টার মধ্যবর্তী যেকোনো সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওই মাছের পুকুরে উপর্যুপরি গ্যাস ট্যাবলেট (বিষ) প্রয়োগ করে। ঐদিন সকালে আনোয়ার হোসেন পুকুরে গিয়ে দেখতে পান যে, পুকুরের বেশিরভাগ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে, যার ফলে তাদের আনুমানিক ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















