কলেজের ফটকে তালা, ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগে বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতা আটক
- আপডেট সময় : ১১:২৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার লাগানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজের সামনে এ ঘটনা ঘটে। আটক আরিফ হাসান ওই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলীর ভাষ্য অনুযায়ী, কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর পর বাইরে থেকে ছবি তুলছিলেন আরিফ হাসান। এ সময় তাঁকে দেখতে পেয়ে ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া করে আটক করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইলিয়াস আলী জানান, তাঁরা সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন। তিনি বলেন, “ছাত্রলীগের কোনো কার্যক্রম এই উপজেলায় ছাত্রদল সফল হতে দেবে না। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাঠে আছি।” এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



















