শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
যশোরের শার্শা ও বেনাপোল এলাকায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং পূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার – যশোরের নির্দেশনায়, ১৫ অক্টোবর ( বৃহস্পতিবার ) শার্শা থানার গ্রাউন্ডে এ বিশেষ ব্রিফিং সভার আয়োজন করা হয়। এতে শার্শা ও বেনাপোল পোর্ট থানায় দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা অংশ নেন। সভায় নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, দর্শনার্থীদের নিরাপদ চলাচল, যানজট নিয়ন্ত্রণ এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়ে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পূজামণ্ডপগুলোতে আনসার সদস্য ও পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি টহল পুলিশ ও সাদাপোশাকের পুলিশ সদস্যদের সার্বক্ষণিক নজরদারি থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) ও কন্ট্রোল রুম প্রস্তুত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। শার্শা ও বেনাপোল সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ও চোরাচালান প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হবে। একই সঙ্গে দুর্গাপূজা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়েও বিশেষ নজরদারি থাকবে। সভায় কর্মকর্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। পুলিশের পক্ষ থেকে স্থানীয় পূজা উদযাপন কমিটি ও এলাকাবাসীকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে



















