নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে
- আপডেট সময় : ০৯:৫৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
শিক্ষার আলো ছড়িয়ে পাহাড়ি জনপদের মানুষের মাঝে জ্ঞানের পথ উন্মুক্ত করেছিলেন সেকান্দার আলী তালুকদার। নিজের জমি দান করে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা থেকে শুরু করে এলাকার শিক্ষাবিস্তারে তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে আছে। সেই কিংবদন্তি শিক্ষানুরাগীকে নিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে একুশে পাঠচক্রের ১৫৫তম নিয়মিত আসর। ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে এ আসর অনুষ্ঠিত হয়। ‘পাহাড়ি জনপদের কিংবদন্তি আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক ও ছোট কাগজ কণ্ঠস্বর-এর প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল। অনুষ্ঠানে বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠী নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সুধাংশু কালোয়ার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান এবং সেকান্দার আলী তালুকদারের কনিষ্ঠ পুত্র সাদরুল আহসান মাসুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী মানিক সাহা। বক্তারা বলেন, সেকান্দার আলী তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনা শেষে তিনি রেলওয়েতে চাকরি পেলেও সরকারি চাকরিতে যোগ না দিয়ে নিজ এলাকায় শিক্ষার প্রসারে আত্মনিয়োগ করেন। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী তারাগঞ্জ উচ্চবিদ্যালয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সহকারী প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। শিক্ষার প্রসারে তিনি নিজের জমিও দান করেন। বক্তারা আরও বলেন, সেকান্দার আলী তালুকদারের মতো দূরদর্শী শিক্ষানুরাগীদের অবদানে পিছিয়ে থাকা পাহাড়ি জনপদের মানুষ শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়েছে। তাঁর জ্যেষ্ঠ পুত্র শহীদ নাজমুল আহসান স্বাধীনতা পদকে ভূষিত হন। তাঁর স্মৃতিকে ধারণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে শহীদ নাজমুল আহসান হল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী আমিনুল ইসলাম, শিক্ষক মনি গাঙ্গুলি, শঙ্করী পাঠক, শারমিন আক্তার, তাসমেরী, অমিত চক্রবর্তী, পূজা সরকার, সেতু আচার্য, সুজাতা প্রমুখ। আলোচনা পর্ব শেষে দ্বিতীয় পর্বে শিশু শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করে। তাঁদের আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানে নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য-সংস্কৃতিচর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়।



















