ছদ্মপরিচয়ে প্রেম অতঃপর ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০১:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
জাপানপ্রবাসী এক তরুণীর সঙ্গে প্রতারণা করে আইফোনসহ প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকারের উদ্যোগ নেওয়ায় নিজের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান। এসব অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী শহরে নিজের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মিজানুর রহমান। এ সময় জাপান থেকে মুঠোফোনে যুক্ত হয়ে অভিযোগের শিকার তরুণী অভিযুক্ত যুবকের বিচার এবং তাকে দেওয়া অর্থ ফেরত পাওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে মিজানুর রহমানের বক্তব্য অনুযায়ী, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিবাহিত মুসলিম যুবক জান্নাতুল নাঈম কয়েক মাস আগে ফেসবুকে ‘অন্ত সরকার দ্রুব’ নাম ব্যবহার করে নিজেকে অবিবাহিত হিন্দু তরুণ পরিচয় দেন। এ পরিচয়ে তিনি নোয়াখালীর এক হিন্দু জাপানপ্রবাসী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ওই তরুণীর কাছ থেকে একটি আইফোনসহ বিভিন্ন সময়ে প্রায় ১৮ লাখ টাকা নেন বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, একপর্যায়ে অতিরিক্ত পাঁচ লাখ টাকা না দিলে বিয়ে করবেন না বলে জান্নাতুল নাঈম জানালে তরুণীর সন্দেহ হয়। পরে জাপানপ্রবাসী আরিফুল ইসলামের মাধ্যমে তার বড় ভাই যুবদল নেতা মিজানুর রহমানের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। এরপর তরুণী বিষয়টি সমাধানের জন্য মিজানুর রহমানের সহায়তা চান। মিজানুর রহমানের ভাষ্য, দাবিকৃত পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলে জান্নাতুল নাঈমকে নালিতাবাড়ীতে ডেকে আনা হয়। পরে তাকে নিয়ে একটি সালিস বৈঠক করা হয়। সেখানে জান্নাতুল নাঈম নিজের দোষ স্বীকার করে আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে দাবি করেন তিনি। তবে পরবর্তী সময়ে জান্নাতুল নাঈম শেরপুর আদালতে গিয়ে তার বিরুদ্ধে মামলা করেন বলে অভিযোগ করেন মিজানুর রহমান। ওই মামলাকে মিথ্যা দাবি করে তিনি এর প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে জাপানপ্রবাসী তরুণী অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তার দেওয়া অর্থ ফেরত পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।



















