বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৩:৩৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের উন্নয়নের রূপকার, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ৭ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজ ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ডাঙ্গী বাজার বেগম মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দো’আ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির সভাপতি নূরুন নাহার বেগম ।বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃ মতলেবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন প্রমুখ । অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অবদান অবিস্মরণীয়। তিনি ক্ষমতায় থাকাকালীন উপজেলা সিস্টেম চালু করে তৃণমূলের ক্ষমতায়ন করেছেন। দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। তার হাত ধরেই বাংলাদেশে ইসলাম রাষ্ট্রধর্মের স্বীকৃতি পায়। বক্তারা আরো বলেন, পল্লীবন্ধু ছিলেন গরিব-দুঃখী মানুষের নেতা। তার “৯০ এর গণঅভ্যুত্থান” পরবর্তী ত্যাগ ও সংগ্রাম জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীর জন্য অনুপ্রেরণা। অনুষ্ঠানে বক্তারা মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করে পল্লীবন্ধুর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দলের ভবিষ্যৎ উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে পল্লীবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



















