প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনের প্রশিক্ষণ সমাপ্ত, ৩০ জনকে ১৮ হাজার টাকা অনুদান ও সনদপত্র প্রদান
- আপডেট সময় : ১২:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়নাধীন “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেজ)” প্রকল্পের আওতায় শহর সমাজসেবা কার্যালয়-৫, আজিমপুর, ঢাকার উদ্যোগে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, সনদপত্র ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই ২০২৬) আজিমপুরে অবস্থিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সুজাউদ্দৌলা। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকার সহকারী পরিচালক জনাব তাসলিমা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকার উপপরিচালক জনাব আবু সাঈদ মোঃ কাওছার রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সমাজসেবা কার্যালয়-৫, আজিমপুর, ঢাকার সমাজসেবা অফিসার জনাব মোঃ জহির উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণের প্রশিক্ষক, জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ির উপপরিচালক জনাব আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালীউল্লাহ এবং জেলা সমাজসেবা কার্যালয়, যশোরের সমাজসেবা অফিসার (রেজিঃ) জনাব মোঃ আব্দুল কাদের।

বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রান্তিক পেশাজীবীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের সরকারি উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ৩০ জন প্রান্তিক পেশাজীবীর প্রত্যেকের হাতে এককালীন ১৮,০০০ (আঠারো হাজার) টাকা অনুদান এবং প্রশিক্ষণ সনদপত্র প্রদান করা হয়। উপস্থিত প্রশিক্ষণার্থীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান



















