সর্বশেষ
দক্ষিণ আইচায় মাদক ও সন্ত্রাসের অভিযোগ: প্রভাবশালীদের ছত্রছায়ায় অভিযুক্ত, ক্ষুব্ধ এলাকাবাসী
চরফ্যাশন প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:৪৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা সংলগ্ন এলাকায় এক কথিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বাদশা স্বর্ণকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, বাদশা স্বর্ণকার এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন এবং তার প্রভাবে দক্ষিণ আইচা অঞ্চলের যুব সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন তরুণ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, যা সামাজিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে পুরো এলাকাকে। স্থানীয়দের অভিযোগ, অতীতে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বারবার ছাড়া পেয়ে যান। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সাবেক সংসদ সদস্য আব্দুল আল ইসলাম জ্যাকব এর সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জনমনে প্রচলিত রয়েছে। এছাড়াও অভিযোগ রয়েছে, তিনি চর কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম মহাজন এর ঘনিষ্ঠ সহযোগী বা ক্যাডার হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। স্থানীয়রা আরও জানান, প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এমতাবস্থায়, দক্ষিণ আইচা এলাকার যুব সমাজকে রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ বিষয়ে দক্ষিন আইচা থানা পুলিশ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স মাদকের তথ্য আমাদেরকে দিয়ে সহায়তা করুন।



















