বরগুনায় ‘বিএসএস মহাকাশ ক্যাম্প২০২৬’-এ রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো প্রদর্শন
- আপডেট সময় : ১১:২৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
‘বিএসএস মহাকাশ ক্যাম্প২০২৬’-এ অংশগ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি)।
গত ১৯ ও ২০ অক্টোবর বরগুনা সায়েন্স সোসাইটির আয়োজনে সার্কিট হাউস মাঠে এই প্রদর্শনি অনুষ্ঠিত হয়। এসময় ক্যাম্পে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি ও তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে একটি আকর্ষণীয় সায়েন্স শো প্রদর্শন করে রাবি সায়েন্স ক্লাব।
এতে ক্লাবের সাধারণ সম্পাদক ইফতিয়ান আহমেদের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ১৮ অক্টোবর বরগুনার উদ্দেশে যাত্রা করে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ক্লাবের প্রচার সম্পাদক মো. সোহান তানভীর, মিডিয়া সম্পাদক সোহান আহমেদ এবং অর্গানাইজার মো. শহিদুল্লাহ।
এই সায়েন্স শো প্রদর্শনের মধ্যে ছিল দৈত্যের ধোঁয়া, সারফেস টেনশন, ইনস্ট্যান্ট আইস, সিংগিং পাইপ, কালার ভ্যানিশ, ডান্সিং রেইসিন, এলিফ্যান্ট টুথপেস্ট ও ফ্লেম টাচসহ ২০টিরও বেশি চমকপ্রদ এক্সপেরিমেন্ট দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। প্রতিটি পরীক্ষার পর তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে এবং বিজ্ঞানচর্চায় আগ্রহী হতে উৎসাহিত করে।
আয়োজক কর্তৃপক্ষ জানান, “তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা এবং বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো শিক্ষার্থীদের কাছে বিজ্ঞানকে আনন্দময় ও সহজবোধ্যভাবে উপস্থাপন করেছে। আমরা আশা করি, এ ধরনের উদ্যোগ তরুণদের বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করবে এবং তাদের মধ্যে যুক্তিবাদী চিন্তাভাবনার বিকাশ ঘটাবে।”
সায়েন্স শো সম্পর্কে বরগুনা সরকারি কলেজের একজন শিক্ষার্থী বলেন, “রাবি সায়েন্স ক্লাবের প্রতিটি এক্সপেরিমেন্ট ছিল বেশ মজার ও শিক্ষণীয়। এগুলো দেখে বিজ্ঞানের প্রতি আমাদের আগ্রহ আরও বেড়েছে এবং নতুন কিছু শেখার ইচ্ছা তৈরি হয়েছে।”
রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো রাজশাহী, ঢাকা, মুন্সিগঞ্জ, নাটোরসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ ও বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। বরগুনা সায়েন্স সোসাইটির আমন্ত্রণে এ ক্যাম্পে অংশগ্রহণ দেশের বিভিন্ন অঞ্চলে বিজ্ঞানচর্চা ছড়িয়ে দেওয়ার ক্লাবটির ধারাবাহিক প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।
আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা ও আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাবি সায়েন্স ক্লাব। পাশাপাশি, আসন্ন ‘৯ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা’-তে অংশগ্রহণের জন্য শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে ক্লাবটি।



















