সর্বশেষ
শেরপুরের নালিতাবাড়ীতে পৃথকভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মনজুরুল হক, নালিতাবাড়ী, শেরপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ১২:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে ও গড়কান্দা এলাকায় পৃথকভাবে এই আয়োজন করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে আয়োজিত আলোচনা সভায় নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমীন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, এম.এ রায়হান, আমিনুল ইসলাম জিন্নাহ, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। একই দিন পৃথকভাবে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ভিপি। পৌর শহরের গড়কান্দায় বিএনপির দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়। এতেও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। তারা জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মাহফিল শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথকভাবে র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।









