ঝিনাইদহ সীমান্তে ১২০ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি
- আপডেট সময় : ০১:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) প্রায় ১১৯ কোটি ৬৪ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করেছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় মহেশপুর বিজিবি সদর দফতরে এক আনুষ্ঠানিক আয়োজনে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিল—
২৫ হাজার ৮১৩ বোতল ভারতীয় ফেনসিডিল
৩৮ হাজার ৯৮০ বোতল মদ
১৩০ কেজি গাঁজা
৬৫ হাজার ১৭৪ পিস ইয়াবা
৩৭ কেজি হেরোইন
৭৯ কেজি কোকেইন
৭ কেজি ক্রিস্টাল মিথ (আইস)
২৯ বোতল এলএসডি
২১ হাজার ৩১৬ পিস ভায়াগ্রা
৩০ হাজার ৭০ পিস ট্যাপেন্টাডল
৯ হাজার ৮৪৫ পিস ভারতীয় ওষুধ
৯ হাজার ৯৬০ পিস বাংলাদেশি ওষুধ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীর এবং বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার আহসান হাবিব। স্বাগত বক্তব্য দেন ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।
লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত—১৫ মাসে মহেশপুর ও জীবননগর সীমান্ত থেকে এসব বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ১১৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ২০২ টাকা।























