জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে রংপুর বিভাগ সফরে এম. হোসাইন আহমদ
- আপডেট সময় : ১২:৩৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার ও প্রকাশনা সচিব এবং রংপুর বিভাগীয় সমন্বয়ক এম. হোসাইন আহমদ তিন দিনের রংপুর বিভাগ সফরে যাচ্ছেন। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
আগামী ১৭, ১৮ ও ১৯ জুন ২০২৬ পর্যন্ত নির্ধারিত এ সফরে তিনি রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়, সাংগঠনিক পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সফরের মূল লক্ষ্য হলো সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা।
এম. হোসাইন আহমদ বর্তমানে দৈনিক গড়ব বাংলাদেশ ও এই আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক মুখপাত্র-এর বার্তা সম্পাদক এবং ব্যাংক বীমা অর্থ নিউজ-এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংগঠনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সফরকালে সদস্যদের দায়বদ্ধতা বৃদ্ধি, সাংগঠনিক সম্প্রসারণ, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং নতুন কর্মপরিকল্পনা প্রণয়নে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি স্থানীয় ইউনিটগুলোর কার্যক্রম মূল্যায়ন করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সচিব মোহাম্মদ রাব্বি মোল্লা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, রংপুর বিভাগের ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি ও সাংগঠনিক শৃঙ্খলা জোরদারে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি সংশ্লিষ্ট সকল জেলা, উপজেলা ও শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে সফর সফল করার আহ্বান জানান।
শেষে তিনি বলেন, “ঐক্য, আমানতদারিতা ও পেশাগত সততার মাধ্যমে সাংবাদিক সমাজের মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। ইনশাআল্লাহ, সম্মিলিত প্রচেষ্টায় সংগঠন আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।”
— যেখানে সত্যের পক্ষে কলম, সেখানেই প্রতিবাদী কণ্ঠ।




















